পাকিস্তানে কাজে যাওয়ার পথে গাড়ির নিচে আইইডি বোমা বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপজাতীয় অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (অধুনাবিলুপ্ত টুইটার) পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তের কাছাকাছি একটি নির্মাণ প্রকল্পে যাওয়ার পথে শ্রমিকদের বহনকারী ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, শক্তিশালী আইইডি বোমার বিস্ফোরণে তারা প্রাণ হারান। 

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাতুক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নিহত শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা ঘাঁটিতে কাজ করছিলেন।’ ২০২২ সালে সশস্ত্র টিটিপির সঙ্গে ইসলামাবাদের ‘‌যুদ্ধবিরতি চুক্তি’ ভেঙে যায়।

এরপর থেকে পাকিস্তানের আদিবাসীঅধ্যুষিত সীমান্ত এলাকাগুলোয় হামলার ঘটনা বেড়েই চলেছে। হামলার জন্য পাকিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করলেও রোববারের হামলার ঘটনায় এখনো পর্যন্ত গোষ্ঠী দায় স্বীকার করেনি। ২০২৩ সালে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোওয়া প্রদেশেই প্রাণ হারিয়েছে তিনশরও বেশি মানুষ। এসব হামলার অধিকাংশের দায় স্বীকার করেছে টিটিপি। গত মাসেও এক বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হওয়ার খবর আসে। এসব হামলার কয়েকটিতে দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল আইএস।