বৈশ্বিক উষ্ণতার বৈরি প্রভাব পড়েছে ব্রাজিলের অ্যামাজন নদীতে। এ জলপথে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মারা গেছে শতাধিক ডলফিন। বিজ্ঞানীদের ধারণা, পানিতে উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত খরার কারণে এমন ক্ষতির মধ্যে পড়েছে জলচরগুলো।

আজ সোমবার (২ অক্টোবার) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছেন মার্কিন গণমাধ্যম সিএনএন।

সম্প্রতি অ্যামাজনের বেশ কিছু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০২ ডিগ্রি ফারেনহাইট। এর মাঝে গত সাতদিনে লেক টেফেতে ডলফিনগুলো মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রাজিলের বিজ্ঞান মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা সংস্থা মামিরাউ ইনস্টিটিউট।

চলতি বছরে এল নিনোর প্রভাবে সৃষ্ট খরার কারণে ডলফিনের মৃত্যু বেড়েছে বলে ধারণা সংস্থাটির। বিজ্ঞানীরা মনে করছেন, মৃত্যুর আধিক্য স্বাভাবিক কোনো বিষয় নয়। উচ্চ তাপমাত্রায় পানি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হওয়ায় এভাবে ডলফিনের মৃত্যু হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, খবরটি ওই অঞ্চলে মানুষের কর্মকাণ্ড ও চরম খরার প্রভাব নিয়ে জলবায়ু বিজ্ঞানীদের উদ্বেগ বাড়িয়ে দেবে।

মামিরাউ ইনস্টিটিউট আনো জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ শনাক্তের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন, খরা ও অসহনীয় গরম এর সঙ্গে যুক্ত।

আমাজন নদী বিশ্বের বৃহত্তম জলপথ। বর্তমানে সেখানে শুষ্ক মৌসুমে চলছে। সেখানকার আরো কিছু প্রাণী রেকর্ড-উচ্চ তাপমাত্রার কারণে ভুগছে।