পাকিস্তানে বেলুচিস্তানে আত্মঘাতী বোমা
হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধ শতাধিক মানুষ। আজ শুক্রবার (২৯
সেপ্টেম্বর) স্থানীয় একটি মসজিদের কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর ডন।
এক কর্মকর্তা জানান, আল ফালাহ রোডে
মদিনা মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন্নবীর মিছিলে লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও)
আব্দুল রাজ্জাক শাহী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ
জাভেদ লেহরি জানিয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
শহীদ নবাব ঘৌস বখশ রাইসানি মেমোরিয়াল
হাসপাতালের প্রধান নির্বাহী ডা. সাইদ মিরওয়ানি এর আগে বলেছিলেন, ৩৪ জন নিহত ও ১৩০
জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সিইও মিরওয়ানি জানান, হাসপাতালে ২৮টি মৃতদেহ আনা হয়েছিল। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। ২০ জনেরও বেশি আহত ব্যক্তিকে সহায়তার জন্য কোয়েটার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে মাস্তুংয়ের সহকারী কমিশনার
(এসি) আত্তাহুল মুনিম জানান, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
তিনি আরো জানান, আলফালাহ রোডে মদিনা
মসজিদের কাছে ঈদ-ই-মিলাদুন নবীর মিছিলে লোকজন জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
মুনিম বলেন, ডেপুটি সুপারিনটেনডেন্ট
অব পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে বিস্ফোরণ ঘটে। তিনি মিছিলের পাশে ছিলেন।
এসএইচও লেহরি বলেছেন, বিস্ফোরণটি ছিল
‘আত্মঘাতী’। বিস্ফোরণের পর প্রকাশিত ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি রক্তাক্ত মৃতদেহ দেখা
গেছে।










