টেসলার পরবর্তী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) পুরোপুরি নতুন নকশায় তৈরি হচ্ছে না। বরং এটি হবে জনপ্রিয় মডেল ওয়াই এসইউভির সাশ্রয়ী সংস্করণ। সম্প্রতি কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) বিনিয়োগকারী সম্মেলনে এ ঘোষণা দেন সিইও ইলোন মাস্ক। এ ধনকুবের জানান, টেসলার নতুন এ গাড়ি মূলত ‘মডেল ওয়াই’। তবে এটি তৈরি হবে আরো কম খরচে। কারণ বিদ্যুচ্চালিত গাড়ির জগতের শীর্ষ কোম্পানিটির লক্ষ্য হলো আরো বেশি মানুষের নাগালে পৌঁছা। ইলোন মাস্ক ব্যাখ্যা করেন, মডেল ওয়াইয়ের চাহিদা এখনো অত্যন্ত শক্তিশালী। তবে সম্ভাব্য অনেক ক্রেতার সামনে বড় বাধা হলো এর মূল্য। তিনি বলেন, ‘গাড়িটিকে আমরা যতটা সম্ভব সাশ্রয়ী করতে পারি, ততই ভালো।’ এ চ্যালেঞ্জ মোকাবেলায় টেসলা গাড়ির নকশা আরো সহজ এবং উৎপাদন ব্যয় কমানোর পরিকল্পনা করেছে। এতে বিস্তৃত গ্রাহকশ্রেণী টেসলার ইকোসিস্টেমে প্রবেশের সুযোগ পাবেন। তবে এতে মূল সংস্করণের বৈদ্যুতিক ড্রাইভিং সুবিধার পুরোটাই বজায় থাকবে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) ব্যাপক হারে মডেলটির উৎপাদন শুরু হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘ই৪১’ কোড নামে গাড়িটির নকশার বিকাশ চলছে। মডেল ওয়াইয়ের এ সংস্করণের উৎপাদন হতে পারে চীনে এবং ২০২৬ সাল নাগাদ স্থানীয়ভাবে বাজারে আসতে পারে। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না মিললেও অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নতুন গাড়িটির বডি বিদ্যমান মডেল ওয়াইয়ের তুলনায় ছোট হবে। এতে নির্মাণ খরচ কমবে প্রায় ২০ শতাংশ। পূর্ব অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা বলছেন, নতুন গাড়িতে কিছু প্রিমিয়াম ফিচার বাদ দেয়া হতে পারে। এর আগে মেক্সিকোয় বিক্রি হওয়া মডেল থ্রির একটি সাশ্রয়ী সংস্করণে চামড়ার পরিবর্তে কাপড়ের আসন ব্যবহার করা হয়েছিল। এছাড়া পেছনের টাচস্ক্রিনসহ কিছু সুবিধা বাদ পড়েছিল। এছাড়া ফাঁস হওয়া প্রোটোটাইপের ছবিতে গাড়ির ছাদের কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। বর্তমান সংস্করণে কাচের ছাদ রয়েছে, কিন্তু নতুন সাশ্রয়ী সংস্করণে ধাতব ছাদ ব্যবহার হতে পারে। অন্যদিকে গাড়ির দৈর্ঘ্য কিছুটা ছোট হলেও হুইলবেস অপরিবর্তিত থাকবে।

খবর জেকার