গাজা উপত্যকায় ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবরের পর থেকে এ ঘটনা ঘটেছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আজ বুহস্পতিবার (১৫ আগস্ট) এ খবর প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার মোট বাসিন্দা ২৩ লাখ। বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা ৪০ হাজার ৫ জন। তাদের মতে, গাজার মোট জনসংখ্যার ১ দশমিক ৭ শতাংশ হামাস-ইসরায়েল যুদ্ধের বলি। এছাড়া স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবনের ৬০ শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাসে দক্ষিণাঞ্চলের শহর রাফাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের সংখ্যায় কতজন বেসামরিক মানুষ ও কতজন যোদ্ধা মারা গেছে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে তারা জানিয়েছে, নিহতের অধিকাংশ শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি। চলতি মাসে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে জানায়, ১৫ হাজারের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বিবিসিসহ আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের সাংবাদিককে স্বাধীনভাবে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেয় না ইসরায়েলি সেনাবাহিনী। এ কারণে হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।