সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরানকে গ্রেফতার করার পর বিক্ষোভের ডাক দেয় দলটি। পিটিআই কর্মীরা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশাওয়ার ও মারদানে বিক্ষোভে যোগ দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশোয়ার এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর ডন ও জিও নিউজ।
পাকিস্তানের সংবাদমাধ্যমজানিয়েছে, লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় সামরিক কর্মকর্তাদের বাসভবনে ঢুকে পড়ছেন পিটিআই সমর্থকরা। টুইটারে সাংবাদিক মুর্তজা আলি শাহ এই তথ্য জানিয়েছেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, এতে দেখা গেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পিটিআই কর্মীরা লাক্কি মারওয়াত জেলায় রাস্তায় নেমেছে। এখানে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রাদেশিক সভাপতি ড. মুহাম্মদ ইকবাল। ইন্দুস মহাসড়কে দলটির কর্মীরা গাড়ির টায়ারে পোড়াচ্ছেন। ডনের এক প্রতিনিধি ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডনের এক প্রতিনিধি জানিয়েছেন, কোয়েটায় ক্যান্টনমেন্টের বাইরে আসকারি চেক পোস্টের কাছে জড়ো হচ্ছেন পিটিআই সমর্থকরা। করাচিতে নার্সারি এলাকার কাছে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে এবং রাস্তার বাতি ভেঙে ফেলে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। দলের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ইমরান খানের প্রতি সংহতি জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।










