নেপালে চলমান বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে নেপালের প্রতিবেশী ভারত বলছে, তারা পরিস্থিতি গভীরভাবে নজরদারি করছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর কাঠমাণ্ডু পোস্ট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করছি, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযম প্রদর্শন করবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ও আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করবেন।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা লক্ষ্য করেছি, কর্তৃপক্ষ কাঠমাণ্ডু এবং নেপালের আরো কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেয়া হচ্ছে।’