গাজায় ৬ জন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিশেষ সংবাদ সম্মেলনে গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) নেতানিয়াহু বলেন, আমার এবং জাতির হৃদয় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ছয়জন বন্দীর পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের জীবিত অবস্থায় ঘরে ফিরিয়ে আনতে আমরা সফল হইনি বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমরা কাছাকাছি ছিলাম, কিন্তু সফল হইনি। খবর জেরুজালেম পোস্ট।
নেতানিয়াহু বলেন, এ সপ্তাহে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা ছয় বন্দির মৃত্যুর ঘটনা জাতিকে নাড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমি ঘড়ির কাঁটার মতো কাজ করছি। বাকি ১০১ জন বন্দিকে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সবগুলো পথ খুঁজছি।
তিনি বলেন, আমি যত বেশি সংখ্যক জীবিত বন্দিদের ফেরত আনা যায় সেদিকে জোর দিয়েছি। তিনি ব্যাখ্যা করে বলেন, আনুমানিক ৬৬ জন বন্দি এখনো জীবিত আছেন।
গত শনিবার দক্ষিণ গাজার রাফাহ এলাকার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। এই ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট দেশজুড়ে সর্বাত্মক ধর্মঘট পালন করে। এই ধর্মঘটে তেল আবিবসহ ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে।
এর আগের দিন গত রোববার নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ করেন। তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান।
এদিকে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনো চুক্তিতে পৌঁছাতে না পারার ব্যর্থতার জন্য নেতানিয়াহু এবং হামাস উভয় পক্ষকেই দায়ী করেন।










