হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকলকর্মী। আগুন নিয়ন্ত্রণে গতকাল দমকল বাহিনীর অন্তত ৭০০ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গতকাল হংকংয়ের উত্তরাঞ্চলের ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে দমকল বাহিনী আগুন লাগার খবর পায়। ৩১ তলাবিশিষ্ট আটটি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে, যেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষের বসবাস।

স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রায় এক বছর ধরে টাওয়ারগুলোয় সংস্কারকাজ চলছিল। এ কারণে এর বাইরের দিকে বাঁশের মাচা লাগানো ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর সেই মাচার অংশ ভেঙে পড়তে দেখা গেছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় আগুনের সর্বোচ্চ সতর্কতা মাত্রা জারি করে দমকল বিভাগ।

আবাসিক এলাকাটিতে আগুন লাগার সময় সেখানে থাকা আল জাজিরার সাংবাদিক লরা ওয়েস্টব্রুক জানান, বাঁশের মাচা ধরে আগুন দ্রুত অন্য ব্লকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে অনেকটা দূর পর্যন্ত ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছিল।