আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ। বিশ্বজুড়ে জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ প্রতি বছর ১১ অক্টোবর দিনটি পালন করে থাকে। এর মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করা। এ ছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও বলপূর্বক কিংবা বাল্যবিবাহ রোধ।

২০১২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের জন্ম। প্ল্যান ইন্টারন্যাশনালের বিকজ আই অ্যাম এ গার্ল নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের ধারণা চালু হয়। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি।

২০১১ সালের ১৯ ডিসেম্বর এ বিষয়ক প্রস্তাব জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবসটি পালিত হয়।

যদিও অনেক দেশ ভিন্ন ভিন্ন তারিখে কন্যা শিশু দিবস পালন করে। যেমন অনেক দেশে সেপ্টেম্বরের শেষ রোববার কন্যা দিবস (ডটার্স ডে) এবং ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস (গার্ল চাইল্ড ডে) পালিত হয়। আর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ১১ অক্টোবর, যেটি জাতিসংঘভুক্ত অধিকাংশ দেশ পালন করে। এ দিবসকে মেয়েদের দিনও বলা হয়।