ভারতের হিমাচলের সোলান জেলায় আকস্মিক বৃষ্টিতে সাতজন নিহত হয়েছেন। বিধ্বস্ত জাদন গ্রাম থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি।

গতকাল রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতের বৃষ্টির পানিতে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ভেসে যাওয়ার খবরও এসেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক টুইটে বলা হয়, সোলান জেলার জাদান গ্রামে প্রবল বৃষ্টিপাতের কারণে সাতটি মূল্যবান প্রাণ ঝরে যাওয়ার খবরে আমরা বিধ্বস্ত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা আপনাদের বেদনা ও শোকের অংশীদার।

ভারী বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় পার্বত্য রাজ্যটির সব সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।