যুক্তরাষ্ট্রের গাড়ি বাজারে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শক্তিশালী প্রবৃদ্ধি এনে দিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) রেকর্ড বিক্রি। এ সময় জেনারেল মোটরস (জিএম), ফোর্ড ও হুন্দাই প্রত্যাশার চেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে। খবর সিএনবিসি।
জিএম ও ফোর্ড জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে জিএমের ইভি বিক্রি দ্বিগুণ হয়েছে, ফোর্ডের ইভি বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। হুন্দাইও একই সময় ১৩ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে। ব্র্যান্ডটির ইভি বিক্রি দ্বিগুণ হয়েছে।
ভিন্ন চিত্র দেখা গেছে জাপানের গাড়ি নির্মাতাদের মধ্যে। টয়োটার গাড়ি বিক্রি বেড়েছে ১৬ শতাংশ। তবে হোন্ডার বিক্রি কমেছে ২ শতাংশ। নিশানের বিক্রি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে ক্রাইসলার ও জিপের প্যারেন্ট কোম্পানি স্টেলান্টিস যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের পতন কাটিয়ে উঠেছে, বিক্রি বেড়েছে প্রায় ৬ শতাংশ।
জিএম জানিয়েছে, এখনো যুক্তরাষ্ট্রে মোটর গাড়ি বিক্রির ক্ষেত্রে শীর্ষ অবস্থানে আছে তারা। কোম্পানিটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ১৭ দশমিক ২ শতাংশে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
জিএম নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ডানকান অ্যালড্রেড বলেন, ‘যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল বাজারে আমাদের অবস্থান সবচেয়ে শক্তিশালী। আমাদের আইসিই ও ইভি উভয় ধরনের গাড়ির সেরা লাইনআপ রয়েছে।’
কক্স অটোমোটিভ জানিয়েছে, গত প্রান্তিকে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৪ লাখ ১০ হাজার ইভি বিক্রি হয়েছে। এটি এক বছরে ২১ শতাংশ প্রবৃদ্ধি ও মোট বাজারের ১০ শতাংশ হিস্যা। তবে সেপ্টেম্বরে ৭ হাজার ৫০০ ডলারের ফেডারেল কর প্রণোদনা শেষ হয়ে যাওয়ায় বিক্রি ধীর হতে পারে।
ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লে বলেছেন, প্রণোদনা শেষ হলে যুক্তরাষ্ট্রের ইভি বাজারের সামগ্রিক হিস্যা ১০-১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামতে পারে।
হুন্দাই মোটর আমেরিকার সিইও র্যান্ডি পার্কার বলেছেন, ‘আমরা ইভি বিক্রি নিয়ে আশাবাদী। প্রণোদনা শেষ হওয়ায় বাজার কিছুটা ধাক্কা খেলেও পরে আবার স্থিতিশীল হবে। তাই আমরা বর্তমান পরিস্থিতিকে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছি।’










