ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ৭০ জনেরও বেশি বাংলাদেশী পর্যটকসহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে—আজ রোববার (৬ এপ্রিল) সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশী নাগরিক। তারা সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল কর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।










