শেখ হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে মিথ্যা বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। গতকাল সোমবার (১২ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এ কথা বলেন।

গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, তার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে একটি দ্বীপ চেয়েছিল। সেটি দিতে শেখ হাসিনা অস্বীকৃতি জানানোয় তাকে উৎখাত করা হয়েছে।

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যেকোনো প্রতিবেদন বা গুজব সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের মানুষের ইচ্ছের দ্বারা এবং তাদের জন্যই সব ঘটেছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সরকার কী হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। এ সম্পর্কে মার্কিন হস্তক্ষেপের যেকোনো অভিযোগ নিছক মিথ্যা।

সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের সামনে কয়েকটি হিন্দু গোষ্ঠীর প্রতিবাদ প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে কারিন জ্যঁ-পিয়েরের কাছে প্রশ্ন রাখা হয়। আমেরিকান হিন্দু এবং বাংলাদেশী হিন্দুদের ওপর হামলার প্রতিকার চেয়ে মার্কিন প্রশাসনের কাছে দেয়া চিঠির বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কারিন জ্যঁ-পিয়েরে আরো বলেন, যখনই কোনো মানবাধিকারের ইস্যু সামনে আসে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে সম্পর্কে জোরালো বক্তব্য রাখেন। তার এই ভূমিকা অব্যাহত থাকবে।