যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল বিতর্কের ব্যাপারে রাজি হয়েছেন প্রধান দুই প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক। এই বিতর্কের আয়োজক মার্কিন সংবাদমাধ্যম এবিসি। খবর সিএনএন।

এবিসি নেটওয়ার্ক এক বিবৃতিতে বলেছে, এবিসি নিউজ ১০ সেপ্টেম্বর বিতর্কটি আয়োজন করবে। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প উভয়েই নিশ্চিত করেছেন যে তারা এবিসি বিতর্কে অংশ নেবেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ বাসভবন মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিতর্কে অংশ নিতে আগ্রহী। পাশাপাশি, ৪ সেপ্টেম্বর ফক্স নিউজ এবং ২৫ সেপ্টেম্বর এনবিসিতে বিতর্কে অংশ নেবেন তিনি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কমলা হ্যারিস জানিয়েছেন, তিনি ১০ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন।

গত ২৮ জুন সিএনএনের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। তবে সেখানে ট্রাম্পের কাছে শোচনীয়ভাবে পরাজিত বাইডেন এবং সেই বিতর্কের পর ডেমোক্রেটিক পার্টি থেকে বাইডেনকে সরানোর পক্ষে সমর্থন বাড়তে থাকে। এক পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহার করেন জো বাইডেন।

সেদিক থেকে, আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক ট্রাম্পের কাছে দ্বিতীয় বিতর্ক হলেও এর গুরুত্বপূর্ণ দিক হলো— এবারই প্রথম কমলা হ্যারিসের মুখোমুখি হতে যাচ্ছেন ট্রাম্প।