রাশিয়ার এক গুপ্তচরকে আটকের দাবি করেছে পোল্যান্ড। দেশটিতে এ নিয়ে ১৫ জন রুশ গুপ্তচরতে আটক করার কথা জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (১০ জুলাই) পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ কামিনস্কির এক টুইটার পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা।

মস্কো পোল্যান্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে পোল্যান্ড বলছে, তাদের দেশ রুশ গুপ্তচরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, পোল্যান্ডের অভ্যন্তরীন নিরাপত্তা সংস্থা রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করা গুপ্তচর নেটওয়ার্কের আরেক সদস্যকে আটক করেছে। আটক রুশ গুপ্তচর সামরিক স্থাপনা ও সমুদ্রবন্দরগুলোতে নজরদারি করছিলেন। তাকে রাশিয়া নিয়মিতভাবে অর্থ দিত।

পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস এই গুপ্তচর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত জুনে পোল্যান্ডে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার একজন পেশাদার খেলোয়াড়কে আটক করা হয়। ওই মাসেই তারা ৯ রুশ গুপ্তচরকে আটকের দাবি করে।

উল্লেখ্য, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ পোল্যান্ড। দেশটির মাধ্যম হয়েই ইউক্রেনে সামরিক সহায়তা পৌঁছায়।