ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলার একদিন পরই ইসরায়েল এ হামলা চালিয়েছে। খবর গার্ডিয়ান।

ইরানের কোম প্রদেশের সংকট ব্যবস্থাপনা সদর দফতরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর দিনই ইসরায়েলি সেনাবাহিনী ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার ফলে অবশ্য আশপাশের বসবাসকারীদের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার রাতে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো নাতাঞ্জ ও ইস্পাহানে শক্তিশালী বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। বোমার পর তাৎক্ষণিক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ফোর্দো শেষ!’

তবে ইরান বলছে, ফোর্দো থেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আর এমন কোনো ক্ষতি হয়নি যে সেটি সারানো সম্ভব নয়।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মোহাম্মদী বলেছেন, ইরান ফোর্দোতে মার্কিন হামলার আশঙ্কা করছিল। এ কারণে আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নেয়া হয়েছে। মাহদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘স্থানটি (ফোর্দো) অনেক আগেই খালি করা হয়েছিল । হামলায় কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।’

তবে জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ক্ষতি হয়ে থাকতে পারে।