জেল খেটেছেন এমন একজন প্রাক্তন আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দেয়ার দায়ে বরখাস্ত হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আজ বুধবার (১৪ আগস্ট) এ রায় দিয়েছেন। খবর বিবিসি।
সাংবিধানিক আদালত রায়ে বলেন, প্রধানমন্ত্রী স্রেথা ‘বিদ্বেষমূলক আচরণ প্রদর্শনের’ মাধ্যমে ‘নৈতিকতার নিয়ম’ লঙ্ঘন করেছেন।
রায়ের পর এক সংবাদ সম্মেলনে স্রেথা থাভিসিন বলেন, আমি আমার সততার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি দুঃখিত তবে আমি বলছি না যে, আমি এই রায়ের সঙ্গে একমত নই।
এক বছরেরও কম সময় ক্ষমতায় ছিলেন থাই প্রধানমন্ত্রী। গত ১৬ বছরের মধ্যে একই আদালতের দ্বারা বরখাস্ত হওয়া তৃতীয় প্রধানমন্ত্রী হলেন ৬৭ বছর বয়সী স্রেথা থাভিসিন।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য থাইল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন না হওয়া পর্যন্ত একজন অন্তর্বর্তী নেতা স্রেথার স্থলাভিষিক্ত হবেন।
বারবার সামরিক অভ্যুত্থান ঘটা থাইল্যান্ডে এই রায় দেশটির রাজনৈতিক অনিশ্চয়তাকেই নির্দেশ করে। দেশটিতে সর্বশেষ সামরিক অভ্যুত্থান ঘটেছিল ২০১৪ সালে। সে সময় ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।










