বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী ধানা সার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডন।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র জানিয়েছেন, বাসটি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল। পথে অন্য একটি বিকল বাসের যাত্রীদেরও ওই বাসে তুলে নেয়া হয়। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলার সময় পাহাড়ি অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৭০-৮০ ফুট গভীর পাথুরে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি হওয়ায় প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। পরে হাইড্রোলিক কাটার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাস কেটে মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়।
অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগতিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এ কঠিন সময়ে বেলুচিস্তান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে।










