পূর্বাঞ্চলে
বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু এবং কয়েক হাজার ঘরবাড়ি
ধ্বংস হওয়ার পর স্থানান্তর শিবির
স্থাপন করা হয়েছে রোমানিয়ায়। সেই সঙ্গে শুরু
করা হয়েছে উদ্ধার অভিযান। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য সামরিক নৌকা
ও বিমান ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্সেল
সিয়োলাকু । তিনি বলেন, এখন
প্রধান লক্ষ্য হলো আরো প্রাণহানি
রোধ করা।
সাম্প্রতিক
দিনগুলোতে কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপ
জুড়ে প্রবাহিত হয়েছে প্রবল বৃষ্টিপাত, নদীগুলো ফুলে উঠেছে এবং
চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে বন্যা
সতর্কতা জারি করা হয়েছে। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বন্যা প্রতিরক্ষার দেয়াল উঁচু করা হয়েছে
এবং পোল্যান্ডের কিছু অংশে বাসিন্দাদের
সরিয়ে নেয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব রোমানিয়ার গালাতি অঞ্চলে উদ্ধার অভিযান চলাকালীন ৪ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে দেশটির জরুরি পরিষেবা নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে,
দেশের ১৯টি এলাকায় কয়েক
ডজন মানুষকে তাদের বাড়ি থেকে উদ্ধার করা
হয়েছে।
এছাড়া পোল্যান্ডে
৪টি নদীর আশেপাশের এলাকাগুলোতে
জটিল পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী
টমাজ সিয়েমোনিয়াক ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিয়ালা নদীর পানি বিপৎসীমার দুই মিটার ওপরে
প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে মোরো
ও গ্লুচোলাজি শহরগুলো নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে।
চেক
প্রজাতন্ত্রের ৩৮টি অঞ্চলে উচ্চ
বন্যা সতর্কতা জারি করা হয়েছে
এবং প্রাগে বন্যা প্রতিরোধক দেয়াল উঁচু করা হয়েছে।
অস্ট্রিয়ায় ভারী বৃষ্টিপাত এবং
ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা এই চরম বৃষ্টিপাতের
কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন, যা উষ্ণতর বায়ুমণ্ডলের
কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা
বাড়িয়েছে।
সপ্তাহ শেষে
দেশের কেন্দ্রীয় এবং পূর্বাঞ্চল বিশেষত
উত্তর মোরাভিয়ার দিকে নজর দেয়া
হচ্ছে। এই অঞ্চলে ১৯৯৭ সালে ৫০ জনের
প্রাণহানি হয়েছিল।এছাড়া জেসেনিকি পর্বতমালায় আগামী তিন দিনে প্রায়
৪০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং সেই পানি
ওড্রা নদী হয়ে পোল্যান্ডের দিকে
ধাবিত হতে পারে বলে জানানো হয়েছে।
অস্ট্রিয়ায়
কর্মকর্তারা বলেছেন, আগস্ট
মাস ছিল রেকর্ডের সর্বোচ্চ
উষ্ণ, যে কারণে অনেক অঞ্চলে কয়েক
দিনের মধ্যে ১০-২০ সেন্টিমিটার
বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। উত্তরের কিছু অঞ্চলে ২০
সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে
পারে।
ঝড়
সতর্কতা কেন্দ্র ইউডব্লিউজেড জানিয়েছে , কয়েক দিনের মধ্যেই কিছু অংশে পুরো
সেপ্টেম্বর মাসের আগের রেকর্ড ছাড়িয়ে
যাবে।
ভিয়েনায়
ঝড়ো বাতাসেরআভাস দেয়া হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলে
ভারী তুষারপাত ভ্রমণে বিঘ্ন ঘটাচ্ছে। জার্মানির বাভারিয়া রাজ্যের সীমানায়ও নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
দেয়া হয়েছে।
সারা
বিশ্বের মতো ইউরোপেও জলবায়ু
পরিবর্তনের কারণে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা
বাড়ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে
গত কয়েক বছরের মধ্যে
ভয়াবহ বন্যার কবলে পড়ার শঙ্কায়
মধ্য ইউরোপ। আবহাওয়া সংস্থাগুলো ভারি বৃষ্টিপাতের কারণে
কয়েকদিনের মধ্যে সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতির সতর্কতা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চলছে প্রস্তুতি ও উদ্ধার অভিযান।










