ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সচিবালয় নবান্ন অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) এ ঘটনার পর ছাত্রসমাজের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি দিয়েছে বঙ্গ বিজেপি। ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের দমনপীড়নের প্রতিবাদ জানিয়ে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টা বন্‌ধ পালনের ডাক দিয়েছে তারা। খবর আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এর পরেই শহরজুড়ে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই নবান্ন চত্বরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডরেল এবং কন্টেইনার। কিন্তু বেলা বাড়তেই একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি, হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। স্লোগান ওঠে, ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।’ পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ছত্রভঙ্গ হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় নবান্নেই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ দুপুরে নবান্ন অভিযান নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে।’ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমনপীড়ন না চালানোর আরজি জানান তিনি। অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা।