তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পুলিশ কর্মকর্তা। হামলাকারীদের একজনকে হামলার চেষ্টাকালে ঠেকিয়ে দিতে সক্ষম হয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুজন সন্ত্রাসী বাণিজ্যিকভাবে ব্যবহৃত হালকা ধরনের একটি গাড়িতে চেপে মন্ত্রণালয় ভবনের প্রবেশদ্বারের সামনে হামলা চালায়। একজন আত্মঘাতী হামলায় মারা গেছে। অন্যজনকে আটক করা হয়েছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ সন্ত্রাসীকে প্রতিহত করা অবধি তাদের লড়াই চলবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে সন্দেহজনক হামলা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলেও জানান তারা।

রয়টার্সের ফুটেজে দেখা গেছে, তুরস্কের রাজধানীর কেন্দ্রস্থলে সেনাসদস্য, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি জড়ো হয়েছে। আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।