ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে আবারো অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগ্নেয়গিরিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদন বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বালির আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বালি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিতও হয়েছে অনেকগুলো ।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, জেটস্টার, জুনেয়াও এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ভার্জিন অস্ট্রেলিয়া। ফ্লোরেসগামী বেশ কয়েকটি অভ্যন্তরীণ এয়ারএশিয়া ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা আগ্নেয়গিরির জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের আগ্নেয়গিরির মুখ থেকে সাত কিলোমিটারের মধ্যে যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয়গিরির ছাই ও কাদামাটি মিশ্রিত লাভার বন্যা নেমে আসতে পারে। এলাকাবাসীদের ছাই থেকে সুরক্ষার জন্য মুখে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৯ জনের মৃত্যু হয়েছিল। সে সময় হাজার হাজার মানুষকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। চলমান ভূকম্পনের কারণে আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা।