যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে অগ্নিকাণ্ডের
ঘটনার পর পদত্যাগ করেছেন মাউই দ্বীপের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারমান আন্দায়া।
সাম্প্রতিক এ ঘটনায় লাহাইনা শহরে কমপক্ষে ১১১ জন নিহত হয়েছেন। খবর সিবিএস।
ভয়াবহ এ দাবানলের ক্ষয়-ক্ষতি যুক্তরাষ্ট্রের
শত বছরের ইতিহাসে একটি রেকর্ড। ওই ঘটনায় যথাযথ সতর্কতা ও উদ্ধার তৎপরতার অভাবে সমালোচনায়
পড়ে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) হারমান আন্দায়ার পদত্যাগের
খবর আসে।
অবশ্য পদত্যাগে দাবানল বা দায়িত্বে
ব্যর্থতার কোনো উল্লেখ নেই। স্থানীয় এক কর্মকর্তা জানান, ‘স্বাস্থ্যগত’ কারণ দেখিয়ে
পদত্যাগ করেছেন হারমান।
মাউই দ্বীপের মেয়র রিচার্ড বিসেন এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, চলমান সংকট কাটাতে খুব শিগগিরই এ পদে আমরা একজনকে নিয়োগ দেবো।
স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, দাবানল
ছড়িয়ে পড়লেও যথাযথভাবে সতর্ক করা হয়নি। তাদের নিরাপদ স্থানে সরিয়েও নেয়া হয়নি। এসব
খবর আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের ওপর চাপ বাড়তে থাকে।










