কানাডার উপকূলবর্তী প্রদেশ নোভা স্কোশিয়ায় ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত দুই শিশুসহ চারজন নিখোঁজ। মাত্র ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রাস্তা, সেতু ও ভবনগুলোকে জলাবদ্ধ করে ফেলেছে। খবর রয়টার্স।

ক্ষমতাসীন দলের নেতা টিম হিউস্টন প্রাকৃতিক দুর্যোগটিকে ভীতিকর, জরুরি পরিস্থিতি বলে ঘোষণা করেছেন। ফলে কমপক্ষে সাতটি সেতু প্রতিস্থাপনের প্রয়োজন পড়বে। এমতাবস্থায় প্রদেশটি ফেডারেল সরকারের কাছ থেকে যথেষ্ট সমর্থন চায়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। 

চলতি বছর কানাডায় সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ ছিল এ বন্যা। দাবানলে এরই মধ্যে রেকর্ড সংখ্যক হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া চলতি মাসের শুরুতে ভারি বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা দেখা দেয়। কর্তৃপক্ষ নোভা স্কোশিয়ার বৃহত্তম শহর হ্যালিফ্যাক্স ও আরো চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। 

হ্যালিফ্যাক্স থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে পরিত্যক্ত গাড়িগুলো বন্যার পানিতে ঢেকে গেছে এবং উদ্ধারকর্মীরা মানুষকে বাঁচাতে নৌকা ব্যবহার করছে। পুলিশ জানায়, একটি গাড়ি ডুবে যাওয়ার পর দুই শিশু এখনো নিখোঁজ।

অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তি ও এক যুবক নিখোঁজ। বন্যার এক পর্যায়ে ৮০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এনভায়রনমেন্ট কানাডা প্রদেশের পূর্বাঞ্চলে অব্যাহত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। হ্যালিফ্যাক্সের মেয়র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আবহাওয়াবিদরা উল্লেখ করেন, ১৯৭১ সালের হারিকেনের পর হ্যালিফ্যাক্সে এটিই সবচেয়ে ভারি বৃষ্টিপাত। বাঁধ ভাঙার আশঙ্কায় উত্তর নোভা স্কোশিয়ার জন্য একটি উচ্ছেদ আদেশ জারি করা হলেও পরে তা বাতিল করা হয়।