গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে আজ শনিবার (২৯ জুলাই) বিকালে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কয়েক দিন ধরেই জ্বর ছিল বুদ্ধদেবের। শনিবার সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নিচে নেমে যায়। ছিল শ্বাসকষ্টও। তাকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু বুদ্ধদেব নিজে হাসপাতালে ভর্তি হতে চাননি। অবস্থার আরো অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, গত কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভালো যাচ্ছিল না। ডাক্তার বলেছেন তারা হাসপাতালে নিয়ে যেতে চান। আমরা ঝুঁকি নিতে রাজি নই।

হাসপাতালে নেয়ার পর তার জন্য গড়া হয়েছে ৮ সদস্যের মেডিকেল টিম। এই বোর্ডে রয়েছেন কৌশিক চক্রবর্তী, ধ্রুব ভট্টাচার্য, সৌতিক পণ্ডা, সুস্মিতা দেবনাথ, আশিস পাত্র, অঙ্কন বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল।

চিকিৎসকরা জানিয়েছে, বুদ্ধদেব ভট্টচার্যের ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। তাকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার যাবতীয় পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।