গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের তীব্র কূটনৈতিক চাপের অংশ হিসেবে আবারো মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকালই ইসরায়েলে পৌঁছেন তিনি। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে দশমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন। তেলআবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক করার কথা রয়েছে।
কাতারের রাজধানী দোহায় চলা যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার স্থগিত হয়ে যাওয়ার পর মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সফরে দোহা আলোচনায় উপস্থাপিত একটি যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দিদের মুক্তির জন্য চুক্তিটি সম্পন্ন করার চেষ্টা করবেন ব্লিংকেন।
এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে।
শুক্রবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর ও বাস্তবায়নে যে ফাঁকগুলো রয়েছে তা এমনভাবে পূরণের চেষ্টা চলছে, যাতে তা নিয়ে এগিয়ে যাওয়া যায়।’ এদিকে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তির পথে এগিয়ে যেতে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছেন।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব বক্তব্যে আস্থা নেই বলে জানিয়েছে হামাস। হামাসের এক উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, এর আগে আলোচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি, মধ্যস্থতাকারীরা শুধু বিভ্রম তৈরি করছেন।
যুদ্ধবিরতির আশা বাড়লেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। শনিবার গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। হামাস শাসিত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিহতদের বেশিরভাগই একই পরিবারের এবং তাদের মধ্যে আট শিশু ও চারজন নারী।
হামলার শিকার পরিবারটির প্রতিবেশী আবু আহমেদ হাসান বলেন, ‘তারা সবাই ঘুমাচ্ছিল। শিশুরাও ছিল। তারপর তাদের বাড়িতে আঘাত করে তিনটি ক্ষেপণাস্ত্র।’ হাসান জানান, বাড়ির মালিক একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। এলাকাটিতেও কোনো সামরিক তৎপরতা ছিল না।
শনিবার মধ্য গাজায় ইসরায়েলের হামলায় দুই হামাস যোদ্ধাও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মধ্য গাজায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণে এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দুজন সিনিয়র হামাস যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৯২ হাজার ৫৩৭ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।










