ইসরায়েল সরকারকে ‘ফ্যাসিস্ট’ এবং ‘গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটির সরকার বলেছে যে, এই সম্পর্ক ছিন্ন করার কারণ ফিলিস্তিনে ইসরায়েলি হামলা। পাশাপাশি এই সংঘাতের ফলে এখন লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানও মারাত্মক হুমকির মুখে রয়েছে। খবর রয়টার্স।
গতকাল শুক্রবার (১১ অক্টোবর) গাজা যুদ্ধের এক বছর উপলক্ষে নিকারাগুয়ের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে কংগ্রেসে একটি প্রস্তাব পাস হয়েছে।
নিকারাগুয়া সরকার বলেছে, এই সংঘাত এখন লেবাননের বিরুদ্ধে বিস্তৃত হয়েছে এবং সিরিয়া, ইয়েমেন ও ইরানকে গুরুতর হুমকি দিচ্ছে।
১ অক্টোবর ইসরায়েলের ওপর ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর সম্প্রতি ইসরায়েল একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। ইরান নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনেরও মিত্র।
২০১৮ সালে ওর্তেগা সরকারবিরোধী প্রতিবাদে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নিকারাগুয়া সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে অধিকার সংস্থাগুলো জানিয়েছে।










