ইসরায়েলি গণমাধ্যমের খবর জানায়, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণাঞ্চলসহ অন্তত চারটি স্থানে আঘাত হেনেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের ওই হামলাকে ইরানের পাল্টা অভিযানের শুরু থেকে সবচেয়ে ভারী হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানিয়েছে, এই হামলায় ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে।
তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত এক্সচেঞ্জ রামাত গান ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইরানের তরফ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যেখানে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
বুধবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রথমবারের মতো ভারী, দীর্ঘ পাল্লার, দুই ধাপ বিশিষ্ট সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।










