পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

হামলার বিস্তারিত অজানা থাকলেও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, হামলাটি বেলুচিস্তান প্রদেশের যাত্রীবাহী বাসগুলোতে হয়েছিল।

এদিকে, পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের মুসাখাইল জেলায় আজ ভোরবেলা সশস্ত্র হামলাকারীরা ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর গুলি করেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

মুসাখাইলের সহকারী কমিশনার (এসি) নাজিব কাকারের মতে, সশস্ত্র ব্যক্তিরা জেলার রারাশাম এলাকায় আন্তঃপ্রদেশীয় মহাসড়ক অবরুদ্ধ করে বেশ কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছিল। হামলার শিকার ব্যক্তিরা সম্ভবত পাঞ্জাব থেকে এসেছিলেন বলে তিনি মন্তব্য করেন।

এসি কাকার আরো জানান, সশস্ত্র ব্যক্তিরা ১০টি গাড়িতেও আগুন দিয়েছে। হামলায় নিহত তিনজন বেলুচিস্তান থেকে এবং বাকিরা পাঞ্জাব থেকে এসেছিলেন।

তিনি বলেন, পাঞ্জাব থেকে আসা এবং যাওয়ার গাড়িগুলো থামিয়ে পরিচয় যাচাই করার পর পাঞ্জাবের যাত্রীদের চিহ্নিত করে গুলি করা হয়েছিল।