রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ফের হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে ওই ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবিও জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (১২ আগস্ট) ইউক্রেনীয় বাহিনী রকেট হামলা চালায়। শিগগিরই এর জবাব দেয়া হবে বলেও জানায় মস্কো।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি বিবৃতিতে ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সেতুর কাছে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি রকেট ভূপাতিত করা হয়েছে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়নি। সেতুতে এটি তৃতীয় ব্যর্থ রকেট হামলা বলে জানান আকসিওনভ ।  পরে তিনি তার টেলিগ্রামে বিমান প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটা পোস্ট করেছেন।

১৯কিলোমিটার দীর্ঘ সেতুটি মস্কো অধিভুক্ত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে। সেতুটিতে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

শনিবার রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে সেতুতে ধোঁয়ায় আছন্ন হয়ে আছে। তবে রয়টার্স ছবিগুলো যাচাই করতে পারেনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হামলার নিন্দা জানিয়ে বলেছেন,  এই ধরনের কর্মকাণ্ডের কোনো যুক্তি থাকতে পারে না।