আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত। ‘বিরল’ এক মন্তব্যে গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) পিয়ংইয়ংয়ের সামরিক পদক্ষেপের সাফাই দেন তিনি। খবর ইয়াহু নিউজ।

সাম্প্রতিক সময়ে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে প্রতিবেশী দেশের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছে উত্তর কোরিয়া। দেশটির বিরোধিতায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ গত ১২ জুলাই পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে জাপান সাগরে। এ ধরনের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং বলেন, নতুন ধরনের আইসিবিএমের পরীক্ষা প্রতিবেশী দেশের নিরাপত্তার ওপর অবধারিত কোনো প্রভাব ফেলেনি।

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে উত্তর কোরিয়ার পদক্ষেপ সম্পর্কে নিরাপত্তা পরিষদের ব্রিফিং আহ্বানের সমালোচনাও করেন তিনি।

মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া এবং দেশটিতে পারমাণবিক সাবমেরিন ও কৌশলগত বোমারু বিমান মোতায়েন করে ওয়াশিংটন তাদের ‘পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে’ টেনে আনছে বলেও অভিযোগ করেন কিম।

এর আগে যুক্তরাষ্ট্রের দূত জেফরি ডি লরেন্টিস নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সমালোচনা করেন। এ বিষয়ে জাতিসংঘের উদ্যোগ নেয়ার কথা বলেন।