জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া দৃশ্য দেখে চমকে উঠেছেন বিজ্ঞানীরা।  মহাকাশে ভেসে বেড়াচ্ছে কিছু গ্রহ।   তাও জোড়ায় জোড়ায়।  সবচেয়ে বিস্ময়কর বিষয় এই গ্রহগুলো কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না।  যার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না গবেষকরা।  খবর বিবিসি

এসব গ্রহ ওরিয়ন নেবুলায় (নীহারিকা) দেখা গেছে।  ৪০ জোড়া গ্রহ শনাক্ত হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপে।  এদের নাম দেওয়া হয়েছে জুপিটার ম্যাস বাইনারি অবজেক্টস, সংক্ষেপে জাম্বু।

নিশ্চিত ব্যাখ্যা দিতে না পারলে সম্ভাব্য কিছু কারণ জানিয়েছেন বিজ্ঞানীরা।  তাদের অনুমান, ওরিয়ন নেবুলার এমন জায়গায় এসব বস্তু তৈরি হয়েছে, যেখানে আসলে কোনো নক্ষত্র তৈরি হওয়ার মতো পর্যাপ্ত উপাদান নেই। এমনও হতে পারে যে, এসব বস্তু নক্ষত্রকে কেন্দ্র করেই গঠিত হয়েছিল।  পরে সে জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।  এরপর থেকেই চলছে তাদের ইন্টারস্টেলার পরিভ্রমণ।

গবেষক দলের প্রধান ইউরোপীয় স্পেস এজেন্সির (ইএসএ) সিনিয়র বিজ্ঞান বিষয়ক পরামর্শক অধ্যাপক মার্ক ম্যাককরিয়ান বলেন, এসব বস্তু আসলে প্রথম নক্ষত্রকে কেন্দ্র করেই গঠিত হয়েছিল।  পরে সেই জায়গা থেকে সরে আসে।  এখন পর্যন্ত এই ধারণাই সঠিক বলে মনে হচ্ছে।

কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা জোড়ায় জোড়ায় কেন পরিভ্রমণ করছে? মার্ক ম্যাককরিয়ান বলেন, এই মুহূর্তে তার জবাব আমাদের কাছে নেই।