গাজার একটি স্কুল প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলায় বাস্তুচ্যুত পরিবারের প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে আজ শনিবার (১০ আগস্ট) হামাস পরিচালিত গাজা কর্তৃপক্ষ বলেছে। এ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, তারা হামাস এবং সেখানে কর্মরত ইসলামিক জিহাদ জঙ্গিদের লক্ষ্য করে আক্রমণ করেছিল। খবর রয়টার্স।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি গাজার দারাজ শহরে অবস্থিত। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে স্কুলটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। স্কুলটিতে হামলায় যারা হতাহত হয়েছেন, তারা সবাই বাস্তুচ্যুত ও শরণার্থী।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, শনিবার ভোরের দিকে স্কুলটিকে লক্ষ্য করে টানা ৩টি রকেট ছোড়ে আইডিএফ। যারা নিহত এবং আহত হয়েছেন, তাদের সবাই গত ১০ মাসের যুদ্ধে বাড়িঘর হারিয়ে এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছে আইডিএফ। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, ওই স্কুলটিকে নিজেদের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে আসছিল হামাস। এ কারণেই সেখানে অভিযান চালিয়েছে তাদের বিমান বাহিনী।