ইউক্রেনে ক্লাস্টার বম্ব বা গুচ্ছ বোমা সরবরাহের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ অস্বস্তি প্রকাশ করেছে। এর আগে গত শুক্রবার (৭ জুলাই) প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এ অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত বেশ কঠিন ছিল। খবর বিবিসি।

বেসামরিক হতাহতের কারণে শতাধিক দেশ গুচ্ছ বোমা নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষণার পর যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও স্পেনের মতো মিত্ররা বলছে, তারা এ অস্ত্র ব্যবহারের বিরোধী।

মাঝ আকাশ থেকে ছোড়া ক্লাস্টার বম্ব সাধারণত ছোট ছোট বোমার সমষ্টি। এটি বিস্তৃত অঞ্চলে নির্বিচারে আঘাত করে। অনেক সময় কিছু বোমা অবিস্ফোরিত থেকে যায়, যার সক্রিয়তা বছরের পর বছরেও নষ্ট হয় না। অর্থাৎ পরবর্তীতে বিস্ফোরিত হতে পারে।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি জাতিসংঘ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সংঘাত শেষ হওয়ার অনেক পরও বেসামরিক জীবনের জন্য গুচ্ছ বোমা একটি গুরুতর হুমকি।

গত শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, রাশিয়া এরই মধ্যে যে সব গোলা ইউক্রেনে ব্যবহার করেছে তার তুলনায় যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা অনেক বেশি নিরাপদ।

কিন্তু পরদিন শনিবার কিছু পশ্চিমা মিত্র এ সিদ্ধান্তকে সমর্থন করতে অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মনে করিয়ে দেন, যুক্তরাজ্য ১২৩টি দেশের মধ্যে একটি, যারা ক্লাস্টার যুদ্ধাস্ত্র বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে। ওই চুক্তি অস্ত্র উৎপাদন বা ব্যবহার নিষিদ্ধ ও নিরুৎসাহিত করে।

কনভেনশনের জন্য চাপ দেয়া দেশগুলোর অন্যতম নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী বলেন, এ অস্ত্র নির্বিচারে নিরপরাধ মানুষের ক্ষতি করে। দীর্ঘস্থায়ী প্রভাবও ফেলতে পারে।

ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহারে নিউজিল্যান্ডের অসম্মতি এরই মধ্যে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের বলেছেন, কিছু অস্ত্র ও বোমা ইউক্রেনে পাঠানো যাবে না, এ বিষয়ে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ।

শিশুদের ওপর গুচ্ছ বোমার প্রভাব নিয়ে উদ্বিগ্ন কানাডিয়ান সরকার। কারণ অনেক সময় বোমা বহু বছর ধরে অবিস্ফোরিত থেকে যায়।

চুক্তির স্বাক্ষরকারী জার্মানি বলেছে, তারা ইউক্রেনকে এই ধরনের অস্ত্র সরবরাহ করবে না। তবে আমেরিকার অবস্থান বুঝতে পেরেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ক্লাস্টার বোমা শুধু শত্রুর প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হবে। শহরাঞ্চলে ব্যবহার হবে না।

জ্যাক সুলিভান বলেছেন, মার্কিন বোমার ভুল ব্যবহারের হার ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে রাশিয়ার হার ৩০-৪০ শতাংশ।

তবে বাইডেনের পদক্ষেপ এই সংক্রান্ত মার্কিন আইনের লঙ্ঘন। কারণ আইনানুসারে এক শতাংশের বেশি ব্যর্থতার হার রয়েছে এমন ক্লাস্টার যুদ্ধাস্ত্র উৎপাদন, ব্যবহার বা স্থানান্তর নিষিদ্ধ।

যুদ্ধের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে উঠা ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছিলেন, এটি সত্য হলে ‘যুদ্ধাপরাধ’ হবে।

এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে বলা হয়েছে, এই ধরনের অস্ত্রের ব্যবহার অবিলম্বে বন্ধ করা উচিত ও কোনো জায়গায় ব্যবহার করা উচিত নয়।

এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ। তবে ৮০ কোটি ডলারের ‘সময়োপযোগী, ব্যাপক ও অত্যন্ত প্রয়োজনীয়’ সামরিক সহযোগিতার জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।