অর্থনৈতিকভাবে বিধ্বস্ত শ্রীলংকা ঘুরে দাঁড়াচ্ছে। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শিগগিরই ভারত সফরে যাবেন রনিল বিক্রমাসিংহে। সফরে যাওয়ার আগে এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডলারের মতো ভারতীয় রুপি ব্যবহারে শ্রীলংকার কোনো আপত্তি নেই। খবর দ্য হিন্দু।
চলতি সপ্তাহে ভারতীয় সিইও ফোরামে বক্তব্য দেয়ার সময় বিক্রমাসিংহে বলেন, ‘জাপান, কোরিয়া ও চীনের মতো দেশসহ পূর্ব এশিয়া ৭৫ বছর আগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সাক্ষী হয়েছিল। এখন মহাসাগর অঞ্চলসহ ভারতের এগিয়ে যাওয়ার সময়।’ এক বছর আগে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল। এরপর এটিই তার প্রথম সফর হতে যাচ্ছে। বিক্রমাসিংহে বলেন, ‘ভারতের রুপি যদি সাধারণ কোনো মুদ্রায় পরিণত হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এটির সঙ্গে মিলিয়ে চলার জন্য আমাদের শুধু ভাবতে হবে।’










