ভেনেজুয়েলার বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গনজালেস স্পেনে রাজনৈতিক আশ্রয় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। লাতিন আমেরিকার দেশটিতে দুই দশকের একদলীয় শাসনের অবসান যারা দেখতে চেয়েছিলেন তেমন লাখ লাখ মানুষের জন্য ঘটনাটিকে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। খবর এপি।

ভেনেজুয়েলার বিরোধী দল এবং বেশ কয়েকটি বিদেশী সরকারই গনজালেসকে গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ বিজয়ী বলে মনে করে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা দেন যে, গনজালেসের আকস্মিক প্রস্থানের খবর পাওয়া গেছে।

তিনি বলেন, কিছুদিন আগে গনজালেসকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পরও সরকার দেশের রাজনৈতিক শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য তাকে নিরাপদে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে।

এদিকে স্পেনের মধ্য-বামপন্থী সরকার জানিয়েছে যে, ভেনেজুয়েলা ছাড়ার সিদ্ধান্তটি ছিল গনজালেসের একান্ত ব্যক্তিগত। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সামাজিক প্ল্যাটফর্ম এক্সে বলেন, স্পেন ভেনেজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মারিয়া কোরিনা মাচাদো নিষিদ্ধ হওয়ার পর তার স্থানে নির্বাচনে শেষ মুহূর্তে প্রার্থী হন ৭৫ বছর বয়সী সাবেক কূটনীতিক গনজালেস। জুলাইয়ের ভোটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হলেও বেশিরভাগ পশ্চিমা সরকার এখনো তাকে স্বীকৃতি দেয়নি এবং কর্তৃপক্ষের কাছে ভোটের বিস্তারিত প্রকাশের দাবি জানাচ্ছে। এদিকে, দুই-তৃতীয়াংশ ইলেকট্রনিক ভোটিং মেশিন থেকে বিরোধী স্বেচ্ছাসেবকদের সংগ্রহ করা ভোটের তালিকা দেখায় যে, মাদুরোর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছিলেন গনজালেস।