মালয়েশিয়ায় একটি প্রাইভেট জেট বিধ্বস্তের
ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই
থেকে সেলানগারে দিকে যাচ্ছিল। অবতরণের সময় একটি কার ও মোটরবাইকের ওপর আছড়ে পড়ে এটি।
খবর বিবিসি।
এ ঘটনায় মৃতের মধ্যে উড়োজাহাজের আটজন
আরোহী রয়েছেন।
সেলানগরের পুলিশ প্রধান দাতুক হোসেন
ওমর খান বলেছেন, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন
হয়ে যায়। কোনো জরুরি কল ছিল না, অবতরণের অনুমতি দেয়া হয়েছিল।’
আরো বলেন, ‘আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা
চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই
মারা গেছেন। বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও
মারা গেছেন।’
তদন্তকারীরা ফ্লাইট ডাটার জন্য উড়োজাহাজের
ব্ল্যাক বক্স খুঁজে বের করার চেষ্টা করছে।
পরিবহন মন্ত্রী অ্যান্টনি লোক বলেন,
‘কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা আপাতত বলা যাচ্ছে না। তবে আমরা তদন্ত করছি। ফরেনসিক কর্মকর্তরা নিহতদের দেহাবশেষ শনাক্ত করার চেষ্টা করছে।’
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান,
কাছাকাছি একটি স্থানে কাজ করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দুর্ঘটনাস্থলে গিয়ে
আহতদের দেখেন।
মালয়েশিয়ার বিমানবাহিনীর সাবেক সদস্য
মোহাম্মদ সাহমি মোহাম্মদ হাশিম জানান, আকাশে উড়োজাহাজটির আচরণ ‘অনিয়মিত’ মনে হয়েছিল।










