ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে তেহরান ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ঠিক যত সংখ্যক বোমা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যবহার করেছিল।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী এবং নির্লজ্জ হামলার জবাবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আজ কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ বিমানঘাঁটিতে ধ্বংসাত্মক ও সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রতিশোধের অঙ্গীকার’।

ইরানি জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও দাবি করে,হামলা চালানোর সময় এমনভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যাতে কাতারের কোনো শহর বা আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি না হয়। এটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি ইরানের শ্রদ্ধার নিদর্শন।

ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘস্থায়ী উষ্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে ছিল না।