গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর স্থল হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় শনিবার জাবালিয়ার কাছাকাছি এলাকার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় সামরিক বাহিনী। এক সপ্তাহ আগে জাবালিয়ায় একটি তীব্র হামলা শুরু করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, সেখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তা রুখতেই এ হামলা করা হয়।