চলতি সপ্তাহে জাপানে দ্বিতীয়বারের টাইফুনের পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। এর প্রতিক্রিয়ায় দেশটির উড়োজাহাজ ও রেল সংস্থা কিছু সেবা বাতিল করেছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) মধ্য জাপানের ওসাকা শহরে আঘাত হানতে পারে টাইফুল লান।

জনসংখ্যার দিক দিয়ে জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর ওসাকা। আকাশ ও রেল যোগাযাগ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাৎসরিক ছুটিতে থাকা হাজার হাজার নগরবাসী।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ, ভূমিধসসহ প্রবল ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে জাপান মেটিরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।

প্রতিবেদনে উল্লেখ বলা হয়েছে, ঘন ঘন ঝড়ের আঘাতে জাপানে পরিবহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। যার প্রভাব দেশটির শিল্প-কারখানার উৎপাদনেও পড়ছে।

গত বছর রাজধানী টোকিওতে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হন। আজ সোমবার টোকিওর বেশির ভাগে এলাকায় বৃষ্টি হচ্ছে। ছড়িয়ে পড়েছে কুয়াশা।