যুক্তরাষ্ট্রের মিয়ামিতে লোলিতা নামের একটি তিমি অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে বন্দি থাকার পর মারা গেল। বৃহত্তম স্তন্যপায়ীটি এত দিন স্থানীয় সিক্যোয়ারিয়ামের বাসিন্দা ছিল।

বার্তা সংস্থা এপি জানায়, গতকাল শুক্রবার (১৮ আগস্ট) অর্কা প্রজাতির তিমি লোলিতা মারা যায়। 

বন্যপ্রাণ সুরক্ষাকারীরা গোষ্ঠীগুলো থিম পার্ক থেকে তিমিটিকে স্বাভাবিক সামুদ্রিক পরিবেশে ফিরিয়ে নেয়ার জন্য কাজ করছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই মারা গেল লোলিতা।

অলাভজনক গোষ্ঠী ফ্রেন্ডস অব টোকি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি জানিয়েছে, টোকিটাই বা টোকি নামেও পরিচিত ছিল লোলিতা। সর্বশেষ দুইদিন ধরে তার মাঝে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, সিক্যোয়ারিয়াম ও ফ্রেন্ডস অব টোকির মেডিকেল টিমের সদস্যরা লোলিতার চিকিৎসা শুরু করেছিল। কিন্তু ৫৭ বছর বয়সী এ তিমি কিডনির সম্পর্কিত জটিলতায় মারা গেছে।

লোলিতাকে মিয়ামি সিকোয়ারিয়াম থেকে মুক্ত করার জন্য বছরের পর বছর লড়ে যাচ্ছিল প্রাণী অধিকার গোষ্ঠীগুলো। তাদের সহায়তায় পার্কের নতুন মালিক পরিকল্পনা করেছিল, শিগগিরই প্রশান্ত মহাসাগরে লোলিতাকে ছেড়ে দেয়া হবে। এ অনুসারে কাজও চলছিল।

লোলিতার ওজন ছিল পাঁচ হাজার পাউন্ড বা দুই হাজার ২৬৭ কেজি। বছরের পর বছর ৮০ ফুট দৈর্ঘ্য, ৩৫ ফুট প্রস্থ ও ২০ ফুট গভীর ট্যাঙ্কে বাস করছিল এ তিমি।