নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল স্থানীয় সময় সকালে আঘাত হানে ভূমিকম্পটি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।
দেশটির ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু ছাড়া বাগমতি ও গন্ডাকি প্রদেশের বিভিন্ন জেলায়ও কম্পন অনুভূত হয়।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধাদিং এলাকায়, যা কাঠমান্ডু থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি নেপাল। ফলে সবসময় ঝুঁকিতে থাকে হিমালয় অঞ্চলের দেশটি। সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে দেশটিতে।









