স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে দাবানলের ফলে ঝুঁকিতে থাকা কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি জরুরি অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডে এরই মধ্যে ৪ হাজার ৫০০ হেক্টর জমিসহ অসংখ্য ঘরবাড়ি পুড়ে গেছে। খবর বিবিসি।
বিভিন্ন সংস্থার প্রায় ৪০০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বলে সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত ৪ হাজার ২৫৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হলেও কিছু বাসিন্দা তাদের বাড়ি ছাড়তে অস্বীকার করছে। দুই বছর আগে অগ্ন্যুৎপাতের কারণে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। সরকারিভাবে সম্পত্তির চেয়ে এখন জীবন বাঁচানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে এল পিনার থেকে আগুনের সূত্রপাত হলেও বাতাস, জলবায়ু পরিস্থিতি আর চলমান তাপপ্রবাহের কারণে এটি তিজারাফের দিকেও ছড়িয়ে পড়ছে। যদিও আগুন নিয়ন্ত্রণ ধীরগতিতে চলছে, তবে এটি এখনো নিয়ন্ত্রণের বাইরে। অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় সহায়তার জন্য সি-প্লেন ব্যবহার করা হচ্ছে। স্প্যানিশ সেনাবাহিনী ও রেড ক্রসের কাছ থেকে অতিরিক্ত সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়েছে।
স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাপপ্রবাহের সঙ্গে দাবানলটি দক্ষিণ ইউরোপকে ব্যাপক প্রভাবিত করেছে, যা আগামী সপ্তাহগুলোয় অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণ ইউরোপে আরো তীব্র হয়ে উঠছে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। ফলে বিশ্বব্যাপী তাপপ্রবাহের ফ্রিকোয়েন্সি, তীব্রতা ও সময়কাল সবই বাড়ছে।










