ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ শহরের প্রতীক সিডনি হারবার ব্রিজের ওপর দিয়ে পদযাত্রা করেছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠা ও সহায়তা পাঠানোর দাবিতে রোববার এ পদযাত্রা করা হয়। অংশগ্রহণকারীরা এটিকে ‘মার্চ ফর হিউম্যানিটি’ নাম দিয়েছে। কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল বহন করে। শিশু থেকে বড় সব বয়সের মানুষ অংশ নেয়। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও উপস্থিত ছিলেন। নিউ সাউথ ওয়েলস পুলিশের ভাষ্যমতে, অংশগ্রহণকারীর সংখ্যা ৯০ হাজারে পৌঁছে। আয়োজক সংস্থা ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সিডনি’র দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ৩ লাখে পৌঁছতে পারে। খবর: রয়টার্স