ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি রিমোট-কন্ট্রোলড এয়ারক্রাফটের দিকে ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ডিভাইসটি ইরানের আকাশসীমায় পতিত হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তথ্যফাঁসের কোনো আশঙ্কা নেই।’

এর আগে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে ভোরবেলা দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইরানি টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি বিধ্বস্ত ড্রোন মাটিতে পড়ে আছে এবং তা মারাত্মক ক্ষতিগ্রস্ত।

যদিও ইসরায়েলি ড্রোনের পরিচয় সম্পর্কে আইডিএফ স্পষ্ট কিছু বলেনি, তবু উভয় পক্ষের বিবরণে মিল থাকায় ধারণা করা হচ্ছে, এটি একই ড্রোন।