নাৎসি স্যালুট দেয়ার ছবি প্রকাশ্যে আসার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন কোম্পানি ফক্সটেলের প্রধান প্যাট্রিক ডেলাইনি। এটি অস্ট্রেলিয়ার নিউজ কর্পোরেশনের মালিকানাধীন কেবল চ্যানেল। খবর বিবিসি।

প্যাট্রিক ডেলাইনির যে ছবিটি নিয়ে সমালোচনা হচ্ছে তা প্রায় এক দশক আগের। ছবিটি সম্পর্কে ফক্সটেল প্রধানের দাবি, পশ্চিম সিডনির একটি ফুটবল ক্লাবের ভক্তদের অভিবাদনের ভঙ্গির সঙ্গে নাৎসি স্যালুটের মিল বোঝাতেই ওই অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। প্যাট্রিক ডেলাইনি বলেন, প্রেক্ষাপট যাই হোক না কেন, এই আপত্তিজনক অভিবাদন প্রদর্শন করা ভুল ছিল।

অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিল ডেলাইনির এই কাজকে ‘গভীর উদ্বেগজনক’ বলে নিন্দা জানিয়েছে।

প্যাট্রিক ডেলাইনি তার নিজস্ব স্মারকে উল্লেখ করেছেন যে, ছবিটা যে অবস্থায় তোলা হয়েছিল সেই পরিস্থিতিটা তিনি মনে করার চেষ্টা করেছেন। এরপর তিনি ব্যাখ্যা করেন যে, ২০১৪-১৫ মৌসুমে ওয়েস্ট সিডনি ওয়ান্ডারার্স দলের ভক্তরা হুমকিমূলক অভিবাদন জানিয়েছিল সেটাই অনুকরণ করেছিলেন তিনি। সে সময় ফক্স স্পোর্টস টেলিভিশনে কর্মরত ছিলেন ডেলাইনি।

তিনি আরো বলেন, এই ছবি তার মূল্যবোধ, বিশ্বাস এবং পারিবারিক সংযোগের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং তিনি যেকোনো ধরনের বর্ণবাদের নিন্দা জানান। তিনি আরো উল্লেখ করেন যে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন আক্রমণের পর অন্যান্য বিশিষ্ট অস্ট্রেলীয় নেতাদের সঙ্গে তিনি 'ইহুদিবিদ্বেষকে না বলুন' চিঠিতে স্বাক্ষর করেছিলেন।