মস্কোর পশ্চিমাঞ্চলের এক শপিং মলে গরম পানির পাইপ ফেটে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো খবরটি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছে। মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছে ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। খবর রয়টার্স।

রুশ সংবাদ সংস্থাগুলো তদন্তকারীদের বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে অ্যামোনিয়া লিক হয়নি, যা নিয়ে সন্দেহ করা হচ্ছিল। গরম পানির পাইপ ফেটে শপিং মল পানিতে প্লাবিত হওয়ার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো ভবন পাইপ ফেটে প্লাবিত হয়েছে এবং একটি দরজা থেকে বাষ্প বের হচ্ছে। 

ভ্রেমেনা গোডা (দ্য সিজনস) নামে পরিচিত এ শপিং মল ২০০৭ সালে খোলা হয়েছিল। এখানে ১৫০টির বেশি দোকান রয়েছে। আহত সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন।