কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দেশটির সরকার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরানকে পাল্টা হামলার হুমকি দিয়েছে দেশটি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।
তিনি আরো বলেন, কাতার রাষ্ট্র হিসেবে এ স্পষ্ট আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় থেকে সরাসরি প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।
বিবৃতিতে আল-আনসারি দাবি করেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ঘাঁটি বা শহরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনার পর কাতারজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে জরুরি বৈঠক ডাকার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।










