প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারের একটি চুক্তি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের জ্বালানি জায়ান্ট অক্সিডেন্টাল পেট্রোলিয়াম। এ চুক্তি সম্পন্ন হলে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাধীন পেট্রোকেমিক্যাল ইউনিট অক্সিকেম আলাদা হয়ে যাবে। খবর এফটি।

অক্সিডেন্টাল পেট্রোলিয়ামে বড় আকারে বিনিয়োগ রয়েছে ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ের। গত কয়েক বছর ঋণের বোঝা হালকা করতে ধারাবাহিকভাবে সম্পদ বিক্রি করে আসছে জ্বালানি খাতের কোম্পানিটি। বর্তমানে ২৪ বিলিয়ন ডলার ঋণ রয়েছে অক্সিডেন্টালের।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সবকিছু ঠিকঠাক মতো এগোলে কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানি প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় বিক্রির চুক্তিতে স্বাক্ষর করবেন অক্সিডেন্টালের কর্তাব্যক্তিরা। অবশ্য কারা অক্সিকেম কিনতে দরকষাকষি করছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

গত জুনে শেষ হওয়া ১২ মাসে অক্সিকেম প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে অক্সিডেন্টালের বাজার মূলধন প্রায় ৪৭ বিলিয়ন ডলার।

অক্সিডেন্টালের ঘাড়ে চেপে থাকা ঋণের বড় একটি অংশ এসেছে অধিগ্রহণ বাবদ। ২০১৯ সালে ৫৫ বিলিয়ন ডলারে আনাডার্কো পেট্রোলিয়াম এবং ২০২৩ সালে শেলনির্ভর জ্বালানি তেল উত্তোলনকারী ক্রাউনরক অধিগ্রহণ করে ১৩ বিলিয়ন ডলারে।